রাঙামাটি সদরের মানিকছড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছে।
রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসের পর উদ্ধার অভিযানে অংশ নেয়া দুই কর্মকর্তাসহ ৪ সেনা সদস্য নিহত, আহত ১০, নিখোঁজ এক সেনাসদস্য রয়েছেন বলে জানায় তারা।
গত দুদিন ধরে টানা বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দবানে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানের মধ্যেই মঙ্গলবার সকাল চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের মানিকছড়িতে একটি সেনা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আইএসপিআরের পরিচালক মো. রাশেদুল হাসান জানান, তারা সেখানে সংযোগ সড়কের কাজের তদারকিতে ছিলেন। পাহাড় ধসের ঘটনায় উদ্ধারকাজের মধ্যেই আবার ধসের ঘটনা ঘটে।
আইএসপিআরের পরিচালক তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানায় নি।
তবে রাঙামাটিতে দায়িত্বরত একজন সেনাকর্মকর্তা একজন মেজর ও একজন ক্যাপ্টেনসহ ছয়জন নিহত এবং আরও কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার কথা জানা গেছে।