চাল আমদানিতে শুল্কহার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে—জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সিদ্ধান্ত কার্যকর করা হলে প্রতি কেজিতে চালের দাম কমপক্ষে ৬ টাকা করে।
দেশে চালের সংকট নেই— এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মিল মালিকরা সিন্ডিকেট করে সরবরাহ কমিয়ে চালের দাম বাড়িয়েছেন।
দেশে কিছু কিছু জায়গায় ফসলের ক্ষতি হয়েছে তবে তা সংকট তৈরির মত নয় জানিয়ে অল্প সময়ের মধ্যে দাম কমে আসবে বলে জানান তিনি।
ঈদের পরেই স্বাভাবিক হতে পারে চালের বাজার। কারণ এরই মধ্যে চাল আমদানিতে শুল্ক ২৮ থেকে কমিয়ে শতকরা ১০ করা হয়েছে। আবার বাকিতে এলসি খোলারও সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগে ঈদের পরই সীমান্ত দিয়ে চাল বোঝাই ট্রাক বাংলাদেশে ঢুকবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এর পাশাপাশি, জুলাইয়ের ১০/১২ তারিখের মধ্যেই ভিয়েতনাম থেকে আরো আড়াই লাখ টন চাল আসবে বলে খাদ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সব মিলিয়ে, ঈদের পর থেকেই চালের দাম কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
চাল নিয়ে চালবাজিতে, অতিষ্ট সাধারণ মানুষ। ৩৪ টাকার মোটা চালের কেজি এখন ৫০ টাকা ছুই ছুই। কিন্তু দেশে খাদ্যের ঘাটতি নেই এমন আত্মতুষ্ঠিতে, সংকট উত্তরণে সরকারের কোনো পদক্ষেপও পরিলক্ষিত হয়নি। অবশেষে ২ মাস পর টনক নড়েছে সরকারের।
আজ-মঙ্গলবার চাল আমদানিতে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ন উঠে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে পূণনির্ধারণ করা হয়েছে।
এর পাশাপাশি, চাল আমদানিতে এলসি খুলতে এখন ব্যাংক অ্যাকাউন্টে ব্যবসায়ীদের টাকা না থাকলেও চলবে।
সোমবার বিষয়টি বাকিতে করার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসবের ফলে খুব অল্প সময়ের মধ্যেই বাজারে চালের সরবারহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
সংকট উত্তরণে সরকারি বেসরকারি মিলে মোট ১০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে প্রায় ৫০ হাজার টন চাল ভিয়েতনাম থেকে চট্টগ্রাম বন্দরে আসবে।
তবে, এসবের সুফল দিতে, কঠোরভাবে বাজার তদারকি করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা
উল্লেখ্য, চাল আমদানির ক্ষেত্রে ২৮ শতাংশের মধ্যে ১০ শতাংশ ছিল আমদানি শুল্ক, ১৫ শতাংশ দেশীয় শিল্প রক্ষায় রেগুলেটরি শুল্ক এবং ৩ শতাংশ সম্পূরক শুল্ক ছিল। সোমবার প্রধানমন্ত্রীর নির্দেশে এ শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে।