ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট যারা কেটেছিলেন বুধবার থেকে যাত্রা শুরু হয়েছে।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মানুষের সামান্য ভিড় থাকলেও ভোগান্তি তেমন নেই, ঈদে ঘরমুখো মানুষেরা তাই আনন্দে উচ্ছ্বসিত।
স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, সকাল থেকে প্রায় সবগুলো ট্রেন যথাসময়ে কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এতে বেশ স্বস্তিতে ট্রেন ভ্রমণ করছেন যাত্রীরা।
ঈদ যত এগিয়ে আসবে ভিড় তত বাড়বে এমনটা করেন তিনি।
কমলাপুর রেলওয়ে আনসার কমান্ডার ইয়ার হোসেন বলেন, ট্রেনগুলো যথাসময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।
সকাল ৬টা ৩৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে পারাবত এক্সপ্রেস; সকাল ৭টায় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস।
এগারসিন্ধুর ৭টা ১৫ মিনিটে কিশোরগঞ্জে, তিস্তা ৭টা ৩১ মিনিটে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে, মহানগর প্রভাতি ৭টা ৪৮ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে আর নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় চিলাহটির উদ্দেশ্যে ছেড়ে গেছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর একপ্রেস সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও কমলাপুরে আসতে দেরি হওয়ায় এবং একটি বগি পরিবর্তনের প্রয়োজন হওয়ায় ঘণ্টাখানেক বিলম্বিত হয়েছে।
স্টেশন ম্যানেজার সীতাংশু বলেন, দিনের বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছাড়া সম্ভব হবে।
গত ১২ জুন থেকে ঈদে ঢাকা থেকে বিভিন্ন জেলার যাত্রীদের জন্য অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। এবছর ঈদের সরকারি ছুটি ২৫ থেকে ২৭ জুন। শুক্র আর শনিবার থাকায় বৃহস্পতিবার অফিস শেষে ঈদযাত্রার মূল চাপ শুরু হবে।