ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের সূচনা করেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সকালে সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রীর পদত্যাগ চাওয়ায় জাতীয় পার্টির তীব্র সমালোচনা করেন তারা।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ওপর হামলা নিয়ে দলটি অপরাজনীতি করছে বলেও মন্তব্য তাদের।
জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবার এভাবেই অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এর জবাবে বুধবার সকালে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, অর্থমন্ত্রীর মতো একজন প্রাজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে এভাবে সমালোচনা অশোভন।
এ সময় জিয়াউর রহমান দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দেয়ার মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদের সূচনা করেছিলেন তিনি।
এদিকে, চট্টগ্রামের সংসদ সদস্য হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার বিষয়টি নিয়ে বিএনপি অপরাজনীতি করছে।
তিনি জানান, আওয়ামী লীগ নয়, বিএনপিই সন্ত্রাসের রাজনীতি করে।