উন্নয়নের গতিধারা ধরে রাখতে আবারো আওয়ামী লীগকে দেশসেবার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, এ অগ্রযাত্রা ধরে রাখতে আওয়ামী লীগই দরকার। বাঙালি জাতির মুক্তির জন্যই আওয়ামী লীগের জন্ম। জাতির পিতার আর্দশে প্রতিটি নেতাকর্মীকে তৈরি হতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তির দোসরদের ষড়যন্ত্র এখনো থেমে নেই।
পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, বাঙালি জাতিকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। জানান, এদেশের যত অর্জন- সব এ দলটির হাত ধরেই।
বিএনপির শাসনামলকে দুর্নীতি আর দুঃশাসনের আমল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের গতিধারা ধরে রাখতে বারবার আওয়ামী লীগকেই দরকার।
বাংলাদেশ বিশ্বের কাছে উদীয়মান সূর্য- উল্লেখ করে তিনি বলেন, এখনো স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, ধানমন্ডির ৩২ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী। আর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।