রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাতে যোগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
ভোর থেকেই জাতীয় ঈদগাহ ময়দান অভিমুখে নামে মানুষের ঢল। নামাজ শেষে দেশের শান্তি কামনায় করা হয় মোনাজাত। কোলাকুলিতে মেতে ওঠেন সবাই। ঈদের আনন্দে উৎসবের নগরীতে রূপ নেয় রাজধানী।
ঈদের প্রধান জামাতে অংশ নিতে আসতে থাকেন দল বেধে।
চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে প্রেসক্লাব হয়ে মুসল্লিরা জমায়েত হন ময়দানে।
এখানে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি তার সঙ্গে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, মেয়র, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভরে যায় পুরো ময়দান।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
সমাজের নানা মত-পথ ঘুচিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সবাই দাঁড়িয়ে যান এক কাতারে।
নামাজ ও খুতবা শেষে মোনাজাতে দেশের শান্তি কামনা ও রেষারেষি ভুলে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে দোয়া করা হয়।
নামাজ শেষে গোটা এলাকা পরিণত হয় ঈদের আনন্দে সৌহার্দ্য আর সম্প্রীতির মিলন মেলায়।
বড়দের সঙ্গে ছোটরাও যোগ দেয় এতে।
একই চিত্র ছিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর অন্যান্য মসজিদ ও খোলামাঠের ঈদ জামাতে।
নামাজ শেষে বাড়িতে ফিরে চলে ঈদ অ্যাপ্যায়ন।