ঈদের ছুটি শেষে বুধবার প্রথম কর্মদিবসে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী।
সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা ফেরা যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। অধিকাংশ ট্রেনই এসেছে দেরিতে।
সড়ক পথেও ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। তবে আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদের ভিড় এড়াতেই দেরি করে বাড়ি যাওয়ার কথা জানিয়েছেন তারা।
সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে কমলাপুর রেলস্টেশনে আসছে ট্রেন। যারা স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি গিয়েছিলেন তারা ছুটি কাটিয়ে আবার ফিরতে শুরু করেছেন যানজটের এ নগরীতে।
যাত্রীদের তেমন ভিড় না থাকলেও কমলাপুর স্টেশনে পৌঁছতে বেশ কয়েকটি ট্রেনের বিলম্ব হয়। তবে যাত্রীরা এতেও খুশি। বাবা-মা, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ঝক্কি-ঝামেলা ছাড়া ঢাকা ফিরতে পেরে আনন্দিত তারা।
তবে, সকালে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়।
প্লাটফর্মেও অনেক যাত্রীদের বসে থাকতে দেখা যায়। তারা বলছেন, ছুটি না পাওয়া ও ভিড়-ধাক্কাধাক্কি এড়াতেই ঈদের পর বাড়ি যাচ্ছেন তারা।
এদিকে, সড়ক পথেও নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পেরে বেশ খুশি যাত্রীরা। নেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। এবার সড়ক-মহাসড়কে যানজট না থাকায় বেশ স্বস্তিও তাদের মধ্যে।