ঈদ শেষে লঞ্চে চড়েও দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছেন।
ফিরতি যাত্রী নিয়ে বেশিরভাগ লঞ্চই বুধবার ভোরে সদরঘাটে পৌঁছেছে। বেলা বাড়লেও যাত্রীদের তেমন চাপ চোখে পড়েনি। যাত্রা পথে কিছুটা ভোগান্তি হলেও ফিরতি পথে স্বাচ্ছন্দে ঢাকায় আসতে পেরে খুশি যাত্রীরা।
রাজধানীবাসীর একটি বড় অংশ ঈদে লঞ্চে চড়ে বাড়ি গিয়েছিলেন। ঈদ শেষে আবার নগরীতে কর্মস্থলে ফিরে আসছেন তারা।
বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ দক্ষিণাঞ্চলে যাত্রী নিয়ে ভোরে সদরঘাটে ভেড়ে বেশ কিছু লঞ্চ। তবে এসব লঞ্চে যাত্রীদের চাপ এখনও তেমন শুরু হয়নি।
চাঁদপুর থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সকালের দিকে সদরঘাটে ভেড়ে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করে ভালোভাবে ঢাকায় ফিরতে পেরে যাত্রীরা বেশ খুশি।
ফিরতি যাত্রায় তেমন ভোগান্তি নেই বলে জানিয়েছেন তারা।
আগামী শুক্র - শনিবার থেকে লঞ্চে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়বে বলে জানিয়েছেন সদরঘাট টার্মিনাল ও লঞ্চ কর্তৃপক্ষ।