জঙ্গিরা দুর্বল হলেও এখনও পুরোপুরি নির্মূল হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়েই জঙ্গিবাদ রুখতে হবে।
শনিবার রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার প্রথম বর্ষপূর্তিতে সেখানে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা গুলশানের ৭৯ নম্বর সড়কের সেই বাড়িটির অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বাড়িটি খুলে দেয়ার পর প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ ঘটনা এদেশের মানুষের জীবন বদলে দিয়েছিল।
তিনি বলেন, জঙ্গিরা দুর্বল হলেও এখনও তাদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি।
কাদের আরো বলেন, হলি আর্টিজানের ঘটনা আমাদের জীবন বদলে দিয়েছিল, আমাদের আতঙ্কগ্রস্ত করেছিল। সেদিন জাতীয় ও আন্তর্জাতিকভাবে কেউ ভাবেনি, বাংলাদেশ ওই অবস্থা থেকে ফিরে আসতে পারবে। তবে আমরা সেটা পেরেছি, ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে।
এছাড়াও ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টি ও জাসদের পক্ষ থেকেও হলি আর্টিজান বেকারিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।