সদ্য পাস হওয়া বাজেট বাস্তবায়নে সচিবদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রোববার সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাজেট বাস্তবায়নে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ন দায়িত্ব দিতে হবে পাশাপাশি জনগুরুত্বপূর্ন এবং অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর গতি ও গুণগত মান বাড়াতে হবে।
তিনি আরো বলেন, গুরুত্বপূর্ণ কাজে যোগ্য ও কর্মদক্ষদেরকে প্রাধ্যান্য দিতে হবে। একই সঙ্গে অগ্রাধিকারমূলক মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে গতি বৃদ্ধির পাশাপাশি গুণগত মান ঠিক রাখারও নির্দেশনা তার।
এসময় মন্ত্রণালয়গুলোর নানা সমস্যাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সচিবরা। প্রধানমন্ত্রী বেতন-ভাতা বৃদ্ধির কথা মনে করিয়ে দিয়ে কর্মকর্তা-কর্মচারিদের দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলেন।
একইসঙ্গে আন্তক্যাডার বৈষম্য নিরসনে ন্যায় সঙ্গত পদায়ন, পদোন্নতি, সুশাসন নিশ্চিত ও তরুণ কর্মকর্তাদের প্রশিক্ষণে অগ্রাধিকার দেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
এর বাইরেও সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত এবং মন্ত্রণালয়ভিত্তিক মনিটরিংয়ের বিষয়ে নানা দিক নির্দেশনা দেন শেখ হাসিনা।