জনবল সংকটের কারণেই মশা নিধন ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা সিটি করপোরেশেন দক্ষিণ মেয়র সাঈদ খোকন।
সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রণালয়ে এক যৌথ বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে চিকনগুনিয়া ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও সিটি করপোরেশনের জনবল সংকটের কারনে শতভাগ সেবা দেয়া সম্ভব হচ্ছেনা। তবে সীমিত জনবল নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।
আর আগামী এক মাসের মধ্যেই এই ভাইরাসের প্রাদুর্ভাব কমে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীসহ সারাদেশে সচেতনতা তৈরীর পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি।
রাজধানীতে এডিস মশার মাধ্যমে ছড়ানো চিকনগুনিয়া ভাইরাস অনেকটাই মহামারীর আকার নিয়েছে। ব্যাপকভাবে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
করণীয় ঠিক করতে সংশ্লিষ্ট অধিদপ্তর, প্রতিষ্ঠান, সিটি করপোরেশণের কর্মকর্তাদের নিয়ে সোমবার বিকালে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে চিকনগুনিয়ার ভয়াবহতা তুলে ধরা হয়। সরকারের হিসাবেই মোট সাড়ে ছয়শো মানুষ এই ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে।
আর এর কারণ হিসেবে রাজধানীতে পরিচ্ছন্নতার অভাবকেই দায়ী করা হয়। পরিচ্ছন্নতা রক্ষা আর মশা নিধনে সিটি কর্পোরেশনকে আরো উদ্যোগী হওয়ার তাগিদ দেওয়া হয় বৈঠকে।
তবে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, পর্যাপ্ত লোকবল না থাকায় সিটি কর্পোরেশন ঠিকমতো কাজ করতে পারছে না। সীমিত জনবল নিয়েই কাজ করে যাচ্ছেন বলে দাবি তার।
ভবিষ্যতে এধরনের ভাইরাসের সংক্রমণ এড়াতে এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীসহ সারাদেশে এ বিষয়ে উদ্যোগ নিতে কর্মকর্তাদের প্রতি দিকনির্দেশনা দেন তিনি।
এ ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই বলে জানালেন চিকিৎসা বিশেষজ্ঞরা।