জঙ্গিবাদ প্রতিরোধে সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা ও সশস্ত্রবাহিনী সম্মিলিতভাবে লড়ছে, এদেশে কোনোভাবেই জঙ্গিবাদের স্থান হবে না— বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআরের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা সেনানিবাসে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জঙ্গিবাদ প্রতিরোধে যে সাফল্য এসেছে তা ধরে রাখার কথা জানিয়ে তিনি বলেন, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবেই সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন জরুরি। সীমিত সম্পদ দিয়েই এর আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ১৯৭৪ এ জাতির জনকের প্রতিরক্ষা নীতিমালার আলোকেই সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন জরুরি।
সন্ত্রাস-জঙ্গিবাদ সারাবিশ্বের সমস্যা উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে এদেশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে।
এর আগে নিরাপত্তার দায়িত্ব পালনকালে শহীদ পিজিআর সদস্যদের স্বজনদের আর্থিক অনুদানের চেক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।