আমলাতান্ত্রিক মনোভাব ত্যাগ করে জনগণের সেবক হিসেবে কাজ করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর-২০১৭ অনুষ্ঠানেএ কথা বলেন তিনি।
২০২১ সালের আগেই বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে দেখতে চান—এ কথা জানিয়ে তিনি বলেন, আর এ লক্ষ্যে বাজেটসহ চলমান প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে প্রশাসনের কর্মকর্তাদের তাগিদ দেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রতিশ্রুতি ভুলে যায় না জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণ করে বলেই দেশ উন্নত হচ্ছে।
বিগত বছরের ধারাবাহিকতায় রূপকল্প ২০২১, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নসহ উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের মন্ত্রণালয়গুলোর সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয়গুলোর পক্ষে নিজ নিজ সচিব এবং প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম চুক্তি স্বাক্ষর করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ পরিচালনার দুই মেয়াদে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন এবং এখনও করে যাচ্ছেন বলে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ কখনও প্রতিশ্রুতি ভুলে যায় না।
তিনি বলেন, জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ সরকার নেয় আর তা বাস্তবায়ন করেন প্রশাসনের কর্মকর্তারা।
সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ বেতন-ভাতা বৃদ্ধির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আমলাতান্ত্রিক মনোভাব থেকে বের হয়ে জনগণের কথা মনে রেখে তাদের হয়ে কাজ করতে হবে।
এসময় সদ্য পাস হওয়া বাজেট বাস্তবায়ন ও চলমান প্রকল্প দীর্ঘায়িত না করে দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি। একই সঙ্গে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুড়ি না করে এ সময়ে প্রকল্প পরিকল্পনা করে শুষ্ক মৌসুমে কাজ করার দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বাস্তবায়নে সুপারিশ তুলে ধরেন।
আর জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জনগণের প্রতি দায়বদ্ধতার কথা মনে রেখে কাজ করতে সচিবদের প্রতি দিক নির্দেশনা দেন।