অপহরণের প্রশ্নে কবি-প্রাবান্ধিক ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে তদন্ত কর্মকর্তাদের তথ্যের মিল পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর কমিশনার-ডিএমপি আছাদুজ্জামান মিয়া।
বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে ডিএমপির শিক্ষা সহায়তা তহবিলে একটি বেসরকারি ব্যাংকের অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।
তিনি আরো জানান, ভাড়াটিয়াদের তথ্য নিয়ে ডেটাবেজ তৈরি করার কারণে রাজধানীতে জঙ্গি তৎপরতা কমেছে।
এরপর বিভিন্ন বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরহাদ মজহার অপহরণ একটি রহস্যজনক মামলা শিগগিরিই এ মামলার তদন্ত শেষ হবে।
এরইমধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এসে আদালতে ১৬৪ ধারায় এক নারী জবানবন্দি দিয়েছেন।
এর আগে তিনি জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়াটিয়াদের তথ্য নিয়ে ডেটাবেজ তৈরি করছে পুলিশ। এরই মধ্যে ৯০ লাখ ডেটা সংগ্রহ করা হয়েছে। আর রাজধানী ছেড়ে জঙ্গিরা ঢাকার বাইরে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগ কঠোর পরিশ্রম করছে। কিন্তু অল্পবৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। এছাড়া রাস্তা খোড়াখুড়ির কারণে যানজট লেগে থেকে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেও এর কোনো সমাধান করা যায়নি বলে জানান ডিএমপি কমিশনার।