চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন চাল এসেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, এ মাসের মধ্যেই পৌঁছাবে আরো সাড়ে ৪ লাখ মেট্রিক টন চাল।
ভিয়েতনাম থেকে আমদানি করা চাল সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর বেলা সোয়া ১২টায় সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী বলেন, সঙ্কট না কাটা পর্যন্ত চাল আমদানি অব্যাহত থাকবে— চাল আমদানি করা হবে ভারত থেকেও ।
দেশে ১৬ হাজার অসাধু মজুতদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে—এ কথা জানিয়ে মন্ত্রী আরো বলেন, আগামী তিন বছর তাদের কাছ থেকে কোনো চাল কেনা হবে না।
ত্রাণ সহায়তার জন্য দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, যেখানে যতটা প্রয়োজন দেয়া হচ্ছে।
ত্রাণ প্রদানে সরকার কোনো কার্পণ্য করছেন না বলেও জানান তিনি।