দেশের মধ্য ও নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তবে তা মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, উত্তরাঞ্চলের পানি নামতে শুরু করায় ওইসব এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। এখন বন্যার পানি মধ্যাঞ্চল ও নিম্নাঞ্চলে চাপ দেবে।
এসব এলাকার জেলা প্রশাসকদের বন্যার প্রস্তুতি গ্রহণ করতে আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরো জানান, বন্যাদুর্গতদের জন্য এ পর্যন্ত ১২ হাজার মেট্রিক টন চাল ও ৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়া ৫০ হাজার প্যাকেট শুকনো খাবার, ৩ হাজার বান্ডিল ঢেউটিন এবং ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর নির্মাণের জন্য ৯০ লাখ টাকা দেয়া হয়েছে বলে জানান ত্রাণমন্ত্রী।