বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী রাজধানীকে সম্প্রসারণ করে সমস্যার সমাধান হবে না বরং ভবিষ্যতে এ শহরের ওপর চাপ আরো বাড়তে পারে বলে আশংকা বিশেষজ্ঞদের।
রাজধনীর ওপর চাপ কমাতে দেশের অন্যান্য অঞ্চলের নাগরিক সুবিধা বাড়ানোর পাশাপাশি এ শহরের সঙ্গে সব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নত করার পরামর্শ দিয়েছেন তারা।
তবে স্থপতি বিশেষজ্ঞ মোবাশ্বের হোসেন ও ইকবাল হাবিব মনে করেন, রাজধানীর পূর্বাঞ্চলে আবাসনসহ যেসব নতুন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে সেগুলো পরিকল্পিতভাবে করতে পারলে চাপ কিছুটা কমতে পারে।
গত ১০ বছর আগে ঢাকায় প্রতি ঘণ্টায় যানবাহনের গড় গতিবেগ ছিল ২১ কিলোমিটার। কিন্তু জনসংখ্যা এবং বাড়তি যানবাহনের চাপে সে গতি নেমে এসেছে ৭ কিলোমিটারে।
বিশ্বব্যাংক বলছে, আগামী ২০৩৫ সালে ঢাকার জনসংখ্যা বর্তমানের ১ কোটি ৮০ লাখ থেকে সাড়ে ৩ কোটিতে উন্নীত হবে যা এক ধরনের অচলাবস্থা তৈরি করবে।
এ সংকট থেকে উত্তরণে রাজধানীকে পূর্বদিকে আরো সম্প্রসারণের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
তবে সংস্থাটির এ পরামর্শের সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা।
স্থপতি মোবাশ্বের হোসেন ও ইকবাল হাবিব বলেন, এ শহরকে সম্প্রসারণ করলে মানুষজন আরো এদিকেই আকৃষ্ট হবে তাতে সংকট বাড়বে বই কমবে না।
অনেক নগর পরিকল্পনাবিদ বলেন, বিশ্বব্যাংকের পরামর্শের আগেই পূর্বদিকে ঢাকার সম্প্রসারণ হচ্ছে তবে তা একেবারেই অপরিকল্পিত।
এই অপরিকল্পিত সম্প্রসারণ ভবিষ্যতে আরো বিপর্যয়কর হতে পারে বলে আশংকা তাদের।
পাশের জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও ঢাকার ওপর থেকে চাপ কমবে বলে ধারণা তাদের।