আওয়ামী লীগ টানা ৮ বছর ক্ষমতায় থাকায় দেশের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় জেলা প্রশাসকদের ২৩ দফা নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় দুর্নীতি দমনে কঠোর অবস্থান নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে নতুন কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকদের একাত্ম হয়ে কাজ করতে হবে।
পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হারানোর পর দেশ পিছিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল।
গ্যাস দিতে রাজি না হওয়ায় ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতায় যেতে পারেননি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারলে কেউ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদার আসন লাভ করেছে। দেশ খাদ্য উৎপাদনে স্বনির্ভর ও দারিদ্র্য বিমোচনে সাফল্য লাভ করেছে।
এ সময় উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার তাগিদ দেন শেখ হাসিনা।