ব-দ্বীপ অঞ্চলের পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থাপনায় আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে এগোবে ডেল্টা কমিটি— এ সময়ের মধ্যে সমস্যা চিহ্নিত করে সমাধান বের করা হবে।
আর আগামী চার বছরের মধ্যেই বাংলাদেশের মানুষের মধ্যে শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ করার কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার রাজধানীতে বিকেলে অনুষ্ঠিত পানি সম্মেলনের আলোচনায় শেষে এক এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
বিশ্বের মোট আয়তনের ৫ ভাগ ব-দ্বীপ এলাকা। এ পাঁচ ভাগে নদ-নদী থাকলেও পানি ব্যবস্থাপনা আর পয়ঃনিষ্কাষণের দিক থেকে এ অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে বলে মনে করছেন আন্তর্জাতিক পানি বিশ্লেষকরা।
ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পানি সম্মেলনের প্যানেল আলোচনায় অংশ নিয়ে তারা, অতি বৃষ্টি, খরা, নদী ভাঙন ও জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা চিহ্নিত করে আগামী পাঁচ বছরের মধ্যে সমাধান বের করার তাগিদ দেন।
আলোচনা শেষে সংবাদ ব্রিফিংয়ে এর বিস্তারিত তুলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
আর সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এরই মধ্যে ৮৭ ভাগ মানুষ নিরাপদ পানির আওতায় এসেছে। আগামী চার বছরের মধ্যে শতভাগে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।
জলবায়ু পরিবর্তনের কারণে জলাবদ্ধতাও তৈরি হয়ে থাকে উল্লেখ করে রাজধানীর জলাবদ্ধতার জন্য বর্জ্য ব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন মন্ত্রী।
তিন দিনব্যাপী এই সম্মেলন রোববার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হচ্ছে।