চলমান বন্যা পরিস্থিতিসহ সকল প্রাকৃতিক দুর্যোগ সরকার সফলতার সঙ্গে মোকাবেলা করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
দেশে প্রথমবারের মত রোববার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে দূর্যোগ ব্যবস্থানা বিষয়ক জাতীয় কনভেণশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান মন্ত্রী।
এ বছর আঘাত হানা ঘূর্ণিঝড় মোরা, পাহাড় ধ্বস, বন্যাসহ চারটি বড় দুর্যোগ সরকার সফলতার সঙ্গে মোকাবেলা করেছে বলে জানান তিনি। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন মন্ত্রী।
দুর্যোগ কবলিত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সুষমভাবে বন্টন হচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী।
একই অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থানাকে আরো যুগোপযুগী এবং আধুনিকায়নে সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ গবেষক ড. জামিলুর রেজা চৌধুরী।
দুর্যোগের নানা কারণ তুলে সরকারকে এ বিষয়ে যুগোপযুগী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।