আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক আদেশে বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করে আসা এ কর্মকর্তাকে বদলি করা হয়।
গত ৭ জুন গাজী সালমন বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকাকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপিয়েছিলেন’ অভিযোগ করে বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজু মামলা করেন।
ওই মামলায় গত ১৯ জুলাই দুই ঘণ্টা হাজতবাসের পর জামিন পান তারিক সালমন। ওই সময় আদালত প্রাঙ্গণে তাকে পুলিশের ধরে নেয়ার ছবি প্রকাশ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়।
তাকে নাজেহালের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিস্মিত হন—প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বিষয়টি নিশ্চত করেন।
গত ২১ জুলাই ওবায়েদ উল্লাহ সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার করে আওয়ামী লীগ। তারিক সালমনকে নাজেহালের দিন বরিশালের আদালতে দায়িত্বরত পুলিশের ছয় সদস্যকেও সরিয়ে দেয়া হয়।
এর দুই দিন পর মামলা প্রত্যাহার করে নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদ উল্লাহ সাজু।
ওই ঘটনার ধারাবাহিকতায় বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান এবং বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলমকেও প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়।