তথ্য প্রযুক্তি কিংবা ডিজিটাল নিরাপত্তা কোনও আইনেই বিতর্কিত ৫৭ ধারা দেখতে চান না টেলিভিশন মালিকরা।
মঙ্গলবার বিকালে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকো'র প্রতিনিধিরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করে এ সুপারিশ তুলে ধরেন।
একই সঙ্গে জাতীয় সম্প্রচার আইন চূড়ান্তের আগে তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতেও তথ্যমন্ত্রীকে অনুরোধ করেন অ্যাটকোর সভাপতি সালমান এফ রহমান।
তাদের এসব দাবি বিবেচনা করার কথা প্রতিশ্রুতি দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বিভিন্ন দাবি-দাওয়ার পাশাপাশি টেলিভিশনের সম্প্রচার ও অনুষ্ঠানের মান সংক্রান্ত বিষয় নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে আলোচনায় বসে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো।
বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে আলোচনায় গুরুত্ব পায় তথ্য প্রযুক্তি আইনের বির্তকিত ৫৭ ধারার বিষয়টিও।
বৈঠকে সংগঠনটির সহ সভাপতি মোজাম্মেল হক বাবু জানান, গণমাধ্যমের বাক স্বাধীনতা বাধাগ্রস্ত করে এমন বিষয় তারা আইনে দেখতে চান না।
এমনকি নতুন যে জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার, সেটি চূড়ান্ত করার আগে টেলিভিশন মালিকদের সঙ্গে আরেকবার আলোচনা করার তাগিদ দেন তিনি।
তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে এমন বিষয় সরকার চায় না।
জাতীয় সম্প্রচার নীতিমালা শিগগিরই চূড়ান্ত হচ্ছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, এটি চূড়ান্ত হলে, টেলিভিশন, রেডিও অনলাইন গণমাধ্যমের আইনী নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।
এর আগে অ্যাটকো প্রতিনিধিরা সংবাদপত্র মালিকদের সংগঠন নওয়াবের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেও তথ্য প্রযুক্তি আইন থেকে ৫৭ ধারা বাতিলের পক্ষে একমত হোন।