ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটের কারণে শুক্রবারও একটি এবং আগামীকালের ২টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত বিমান ও সৌদি এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইট বাতিল হলো।
শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদির জেদ্দার উদ্দেশ্যে একটি ফ্লাইট যাওয়ার কথা ছিল। কিন্তু অর্ধেক যাত্রীই ভিসা না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। যাদের ভিসা আছে তাদের অন্য ফ্লাইটে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী পরিষদ।
ভিসা জটিলতা ও মোয়াল্লেম ফি বাড়ানোসহ নানা সমস্যার কারণে এ বছর ভোগান্তিতে পড়েছেন কমপক্ষে পৌঁনে ৭ হাজার হজযাত্রী। এ জটিলতার জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ধর্মমন্ত্রী মতিউর রহমান।
তবে অভিযোগ অস্বীকার করে, সৌদি সরকারের পদ্ধতিগত জটিলতার কারণেই সমস্যা হচ্ছে বলে মন্তব্য হজ এজেন্সিগুলোর সংগঠন হবের। এদিকে, চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট আজ শুরু হয়েছে।