রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে ওআইসি, জানালেন সংস্থাটির সফররত মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওআইসি মহাসচিব বলেন, রোহিঙ্গাদের অধিকার রক্ষায় জাতিসংঘে দেন দরবার করছে সংস্থাটি।
তাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। এ সময় রোহিঙ্গাদের পাশে থাকায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন ইউসেফ।
এর আগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইউসেফ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।
রোহিঙ্গাদের পাশে থাকায় বাংলাদেশের প্রশংসা করে ওআইসি মহাসচিব বলেন, গত দুই দশক ধরে বাংলাদেশ নিঃস্বার্থভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।
এছাড়া মানবিক, রাজনৈতিক ও আইনি সহায়তা নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ ও সৌদিআরবের মতো দেশগুলোকে আহ্বান জানান তিনি। চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন ওআইসি মহাসচিব।
গত বছরের শেষ দিকে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে নতুন করে আরো কমপক্ষে ৫০ হাজার মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে। দীর্ঘদিন ধরে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করে আসছে।