সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য নিজস্ব বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রোরেলের ৮টি প্যাকেজের সবশেষ চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এ রায় নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করছে আওয়ামী লীগ— যথাসময়ে প্রতিক্রিয়া জানানো হবে।
মেট্রোরেলের এ প্যাকেজের আওতায় চার হাজার ২৫৭ কোটি টাকা ব্যয়ে রেলকোচ ও রেলট্র্যাক ছাড়াও ডিপোর যন্ত্রপাতি, পরিচালনা ও সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণের বিষয়টিও অন্তর্ভূক্ত রয়েছে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি-ডিএমটিসিএল ও কাওয়াসাকি-মিতসুবিশির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠান শেষে মন্ত্রী জানান, এ প্রকল্পের সবকিছুই হচ্ছে জাইকার পরমার্শ অনুসারে।
বিএনপি নেত্রীর বিচার নিয়ে দলটির নেতাদের উদ্বেগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে বিচার বিভাগ স্বাধীন তাই ন্যায়বিচার নিয়ে প্রশ্ন কেন?
গত বৃহস্পতিবার ষোড়শ সংশোধনী বাতিলের রায় পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর মুহিত সিলেটে সাংবাদিকদের বলেন, এটা আমরা অ্যাসেম্বলিতে আবার পাস করবো এ আইনটা। এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা আমরা আবার পাস করবো এবং অনবরত করতে থাকবো। দেখি জুডিসিয়ারি কতদূর যায়।
বিকজ, জুডিসিয়ারির পজিশন আমার মতে আনটিনেবল (অন্যায্য)। মানুষের প্রতিনিধিদের উপর তারা খোদকারি করবে? তাদের আমরা চাকরি দেই।
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।
সুপ্রিম কোর্টের নয় জন আইনজীবীর এক রিট আবেদনে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করে। আপিল বিভাগেও ওই রায় বহাল থাকে
গত ১ আগস্ট পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশিত হয়।