আটকে পড়া হজ যাত্রীদের আগামীকাল-সোমবার থেকে হজ ফ্লাইট শুরু বলে জানিয়েছে হজ অফিস।
রোববার হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ফ্লাইট বাতিলের কারণে যারা হজে যেতে পারেননি আগামীকাল-সোমবার থেকে তাদের সৌদিআরব পাঠানো হবে।
সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি আরো জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত ৭৮ হাজার ২৫০ জন সৌদি আরবে ভিসার জন্য আবেদন করেছেন। আর এ পর্যন্ত জেদ্দা পৌঁছেছেন ৪১ হাজার ৪২ জন। এ বছর হজে যাচ্ছেন এক লাখ ২৭ হাজার ১৮৯ জন।
হজ যাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের অভিযোগ করেন, হজ অফিস, হাব এবং ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে হজ যাত্রায় এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এদিকে, হজ যাত্রীদের নিয়ে একটি ফ্লাইট সকাল ১০টায় যাওয়ার কথা ছিল, সেটি সকাল ১১টা ৭ মিনিটে জেদ্দার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছে। এছাড়া গতকালের বাতিল হওয়া দুটি ফ্লাইটের মধ্যে একটি সন্ধ্যা ৬টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে, হজ অফিস গতকাল জানায় আগামী ১৭ আগস্টের পর হজে ভিসা পাওয়ার সম্ভাবনা কম।
ভিসা জটিলতা ও মোয়াল্লেম ‘ফি’ বাড়ানোসহ নানা জটিলতায় এ বছর ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার হজযাত্রী।
এছাড়া এ বছর অন্যান্যবারের চেয়ে টিকিটের দাম বেশি বলে অভিযোগ করেছেন হজযাত্রীরা।
জানা গেছে, ৬৩৫টি হজ এজেন্সিকে টিকিট বিক্রির দায়িত্ব দেয়ার কথা থাকলেও মাত্র ৭০টি এজেন্সি এ দায়িত্ব পালন করছেন।
এসব অভিযোগ খতিয়ে দেখা হবে জানিয়ে হাবের মহাসচিব বলেন, বিষয়টি পরিকল্পিতভাবে পরিচালনা করলে জটিলতা কমবে।
ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটের কারণে দিনের প্রথম হজ ফ্লাইটটি কয়েক ঘণ্টা বিলম্বে শনিবার সকাল ৭টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে। হজ যাত্রীদের নিয়ে আরো তিনটি ফ্লাইট ঢাকা ছাড়ে। দিনের আরো দুটি হজ ফ্লাইট গতকাল বাতিল করে কর্তৃপক্ষ। এ পর্যন্ত বিমান ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইট বাতিল হয়।