গণমাধ্যম কর্মীদের সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছেন সাংবাদিক নেতারা। নবম ওয়েজবোর্ড ঘোষণা ঠেকাতেই সংবাদপত্র মালিকরা অর্থমন্ত্রীকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন বলেও অভিযোগ তাদের। ইলেক্ট্রনিক ও প্রিন্ট দুই মাধ্যমের সাংবাদিকদের জন্যই নবম ওয়েজবোর্ড ঘোষণার জানিয়েছেন তারা।
আর মালিকদের বক্তব্য সংবাদপত্র শিল্প সংকটময় সময় পার করছে, তাই সদিচ্ছা থাকা সত্তেও নবম ওয়েজবোর্ড ঘোষণা নিয়ে তারা চিন্তিত।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে'র বৈঠক শেষে এসব তথ্য তুলে ধরা হয়।
বিভিন্ন সময়ে এভাবে বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবার গণমাধ্যমকর্মীদের সর্ম্পকে তার এমন মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বেতন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করলেন সাংবাদিক নেতারা।
এদিকে, সাংবাদিকদের বেতনের বিষয়ে সংবাদপত্র মালিকরাও কথা বললেন অর্থমন্ত্রীর সুরেই। এই শিল্প সংকটময় মুহুর্ত পার করছে উল্লেখ করে তারা বলছেন, এ অবস্থায় নবম ওয়েজবোর্ড ঘোষণা কঠিন। আর টেলিভিশন সাংবাদিকদের ওয়েজবোর্ড না দেওয়ার পক্ষেই তাদের অবস্থান।
তবে পত্রিকা মালিকদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা বলেছেন, সংবাদপত্র কোনও সংকটে নেই। নবম ওয়েজবোর্ড ঠেকাতেই সংবাদপত্র মালিকরা অর্থমন্ত্রীকে ভুল বুঝিয়েছেন বলে অভিযোগ তাদের। শুধু সংবাদপত্রই নয় টেলিভিশন সাংবাদিকদেরকেও নবম ওয়েজবোর্ডের আওতায় এনে ঘোষণা করার দাবি তোলেন।
দুই পক্ষ থেকেই আলাদা আলাদা বেতন-কাঠামো সরকারের কাছে তুলে ধরা হবে বলে তারা জানালেন।