হজের আর কোনো ফ্লাইট বাতিল হবে না— ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের এমন আশ্বাসের পরেরদিনই ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটে বিমানের আজকের (শুক্রবার) একটি হজ ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের স্থগিত ফ্লাইটটি যাবে ১৩ আগস্ট।
তবে কাল (শনিবার) থেকে আর কোনো ফ্লাইট বাতিল কিংবা স্থগিত হবে না বলে জানিয়েছে হজ অফিস।
রাজধানীর আসকোনা হজ্জ্ব ক্যাম্পে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হওয়ার প্রস্তুতিতে যাত্রীদের ভিড়। সঙ্গে রয়েছে বিদায় জানাতে আসা স্বজনরাও। তাদের চোখে-মুখে স্বজনদের বিদায় জানানোর কষ্টের ছায়া।
তবে কয়েকদিনের হজ ফ্লাইট বাতিলের ঘটনায় শঙ্কিত তারা, শেষ পর্যন্ত যেতে পারবেন তো। আবার কেউ কেউ আশাবাদি ঝামেলামুক্ত হজ পালনের ব্যাপারে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিপত্যের কারণে হাজিরা হয়রাণির শিকার হচ্ছে বলে জানান, হাবের মহাসচিব সাহাদাৎ হোসাইনের। এ সমস্যা উত্তোরণের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
হাজী ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন, ফ্লাইট বাতিলের কারণে যেসব হজ্জযাত্রী যেতে পারেননি তাদের হজে যাওয়ার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, গতকালের ২টিসহ এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২১টি ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট বাতিল হয়েছে। বাংলাদেশ থেকে এবার হজে যাওয়ার কথা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের।
তবে ভিসা জটিলতা, সৌদি আরবের মোয়াল্লেম ফি বৃদ্ধি এবং টানা দ্বিতীয়বারের হজযাত্রীদের ক্ষেত্রে ভিসা ফি বাড়ার ফলে এবারের হজযাত্রায় জটিলতা প্রকট আকার ধারণ করেছে।