পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট ১৮ আগস্ট থেকে পাওয়া যাবে।
শনিবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার বলেন, এবারের ঈদের অগ্রিম টিকিট ১৮ আগস্ট সকাল ৬টা থেকে নিজ নিজ বাসের কাউন্টারের নির্ধারিত স্থানে বিক্রি হবে।
বাস মালিকদের সঙ্গে কথা বলে জানা গেল, এবারের ঈদে বাসের টিকিটের চাহিদা কম থাকবে। বিভিন্ন স্থানে রাস্তা খারাপ হওয়ার কারণে বাস সময়মতো গন্তব্যে যেতে পারছে না। ঈদের অনেক আগে থেকেই এ অবস্থা চলছে। যে বাস ১২ ঘণ্টায় ঢাকা আসার কথা, সেই বাস ৩০ ঘণ্টাও ঢাকা আসতে পারছে না। তাই এবার তারাও বাসের সংখ্যা কমিয়ে দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে শীতাতপনিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি। যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় থাকতে হবে, সে জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাসের চাহিদা বেশি। এই সুযোগে বাসের মালিকরাও শীতাতপনিয়ন্ত্রিত বাসের টিকিটের দাম দ্বিগুণ করে দেন। গত ঈদুল ফিতরে লালমনিরহাট গন্তব্যের এসআর ট্রাভেলসের এসি বাসের টিকিটের দাম রাখা হয় ১ হাজার ৬০০ টাকা। অথচ অন্য সময় একই টিকিট ৭০০ টাকায় বিক্রি হয়।