মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দিতে কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট পিয়েরে লারামি বিদায়ী সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান। বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী কানাডার হাইকমিশনারকে কানাডায় নূর চৌধুরী নামে যে একজন খুনি আছে, তাকে ফেরত পাঠাতে অনুরোধ জানান।
জবাবে হাইকমিশনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ পৌঁছে দেবেন বলে জানান। সাক্ষাতকালে আগামী নির্বাচনের বিষয়টিও উঠে আসে।
গত সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিকে যৌথ সরকার গঠন করার কথা বলা হয়েছিল। তখন তারা যে মন্ত্রণালয় চাইতো তাই দেওয়া হতো।
এছাড়াও সাক্ষাতে বেনোইট পেয়েরে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে কানাডা উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে এবং আরো জোরদার করবে বলে জানান।