জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত খুনিরা কোথায় লুকিয়ে আছে তা সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার রাজধানীর মতিঝিলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তাদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার আর আদালতের মাধ্যমে হত্যাকারীদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও চলছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর মতিঝিল মডেল স্কুল ও কলেজ। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ওপর আলোচনা করেন।
এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীরা ভেবেছিলো দেশ পিছিয়ে পড়বে কিন্তু হত্যাকারীদের শাস্তির মাধ্যমে তা আর হতে দেয়া হয়নি।
মন্ত্রী বলেন, আদালতের নির্দেশে হত্যাকারীদের সব স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। আরো সম্পদ আছে কিনা তাও খোঁজ করা হচ্ছে। পাওয়া গেলেই বাজেয়াপ্ত করা হবে।
দেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না বলেও এসময় হুঁশিয়ারি দেন মন্ত্রী।