জঙ্গি সংগঠন জেএমবির পর এবার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হচ্ছে নব্য জেএমবি— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি সুপারিশ দিয়েছে পুলিশ বিভাগ।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, নব্য জেএমবির মধ্যে বিভক্তি দেখা দিয়েছে— তারা হামলার সক্ষমতাও হারিয়েছে।
গতবছর ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় নব্য জেএমিবর সদস্যরা। ১৭ বিদেশি, দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে নৃশংসভাবে হত্যা করে তারা। কয়েকদিন পর শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে আবার হামলা করার চেষ্টা করে নব্য জেএমবির সদস্যরা। তবে তখন সফল হতে পারেনি তারা।
এরপর টানা অভিযানে গ্রেপ্তার হয় নব্য জেএমবির শীর্ষ কয়েক নেতা। নিহত হয় আরো বেশ কয়েকজন। গ্রেপ্তার শীর্ষ নেতারা জবানবন্দিও দিয়েছে।
এই বিষয়ে পুলিশের এ কর্মকর্তারা জানান, তাদের স্বীকারোক্তিতে উঠে এসেছে নব্য জেএমবির ভেতরে এখন বিভক্তি দেখা দিয়েছে।
তিনি বলেন, জঙ্গি হামলা ঠেকাতে শুরুতে পুলিশের তেমন প্রস্তুতি না থাকলেও এখন তাদের সক্ষমতা অনেকাংশেই বেড়েছে। আর জঙ্গি দমনে নব্য জেএমবি নিষিদ্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ দিয়েছে পুলিশ।
এশিয়ার অন্যান্য দেশের তুলনায় জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ অনেকাংশেই এগিয়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।