হজ যাত্রী সংকটে আজও বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুটি নিয়মিত হজ ফ্লাইট বাতিল করেছে। এদিকে, ভিসা জমা দেয়ার শেষ দিন হলেও ৪ হাজার ৭৭৬ জন হজযাত্রীর পাসপোর্ট হজ কার্যালয়ে জমা পড়েনি।
যে দুটি ফ্লাইট বাতিল হয়েছে, সেগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভোর ৬টা ৫ মিনিটের বিজি-১০৭৩ ও বেলা ১টা ২৫ মিনিটের বিজি-৫০৭৩।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, হজযাত্রীসংকটের কারণে আজকে বিমানের দুটি নিয়মিত ফ্লাইট বাতিল হয়েছে।
গত ২৪ জুলাই থেকে হজযাত্রা শুরু হয়। ভিসা জটিলতায় যাত্রী না পাওয়ায় গত ২০ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ২৯টি হজ ফ্লাইট বাতিল বা সময় পেছানো হয়েছে এরমধ্যে বাংলাদেশ বিমানেরই ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
হজ কার্যালয় জানিয়েছে, এ বছর হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮, এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৪২২ জনের ভিসা হয়ে গেছে। অর্থাৎ, ৪ হাজার ৭৭৬ জনের পাসপোর্ট জমা হয়নি। তারা সৌদিআরবে হজে যেতে ভিসা পাবেন না।
সৌদি আরবে হজে যেতে আজ হজযাত্রীদের পাসপোর্ট বাংলাদেশের সৌদি দূতাবাসে জমা দেওয়ার শেষ দিন তাই আজকের মধ্যেই সব পাসপোর্ট জমা দিতে হবে।
এ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৭৩ হাজার ৪৫ হজযাত্রী আর অপেক্ষায় আছেন ৪৯ হাজার ৩৭৭ হজযাত্রী।
হজ ফ্লাইটের সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বিমান বাংলাদেশ ও ২৭ আগস্ট সৌদি এয়ারলাইনসের ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট পরিচালনা করার কথা।
আর মাত্র ১০ দিনে প্রায় ৫০ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পাঠানোর প্রক্রিয়া শেষ করতে হবে।