বন্যায় ক্ষতিগ্রস্তরা পুর্নবাসিত না হওয়া পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে নীলফামারির সৈয়দপুর স্টেডিয়ামের কাছে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় পথসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ লোক দেখানো ফটো সেশনের জন্য দুর্গত এলাকায় যায়নি। বিএনপি বন্যাদুর্গত হাওর, উপকূলে যায়নি, পাহাড়ে যেয়ে নাটক করে ফিরে এসেছে।
এছাড়া সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ বলা হলেও এ ব্যাপারে বিএনপি মহাসচিব নিশ্চুপ থাকায় তাকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নয়, নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপে বসা উচিত। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে বিএনপি মহাসচিব যেসব মন্তব্য করছেন তা নাবালক সুলভ।
এবারের জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জঙ্গি হামলার পরিকল্পনার সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে বলেও মনে করেন তিনি।