ঈদুল আজহা উপলক্ষে ট্রেন ও দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (শুক্রবার)। কমলাপুর রেলস্টেশনের ২৩টি কাউন্টার থেকে ২৭ তারিখের আগাম টিকিট দেয়া হচ্ছে আর বাস কাউন্টার গুলোতে ছিল উপচে পড়া ভীড়।
যাত্রীদের অভিযোগ, টিকিট থাকতেও সব টিকিট এখনই দিচ্ছেন না কাউন্টার কর্তৃপক্ষ।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে গাবতলী, শ্যামলী ও কল্যানপুর থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বিভিন্ন বাস কর্তৃপক্ষ আর এ টিকিটের জন্য ভোর থেকে অপেক্ষা করেন যাত্রীরা।
যারা টিকিট পেয়েছেন, তারা বেশ খুশীতেই ফিরেছেন বাড়িতে। তবে অভিযোগই বেশি। চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ার শঙ্কা অনেকের।
কাউন্টার কর্তৃপক্ষ বলেন, এবার মহাসড়কের অবস্থা বেশ খারাপ। তারপরও যাত্রীদের কথা চিন্তা করে টিকিট বিক্রি চলছে আর টিকিট কোনো ভাবেই কালোবাজারি হওয়ার সুযোগ নেই।
তবে ট্রেনের টিকিটের জন্য তেমন ভীড় ছিল না কমলাপুর রেলস্টেশনে। বেশ সহজেই টিকিট পেয়েছেন যাত্রীরা। এদিন, রংপুর এক্সপ্রেসের টিকিট বিক্রি না হওয়ায় বেশ বিপাকে পড়েন যাত্রীরা।
কমলাপুর স্টেশন ম্যানেজার বলেন, ২২ হাজারের বেশি টিকিট প্রতিদিন দেওয়া হচ্ছে। এবার টিকিট নিয়ে কোনো সমস্যা হবে না। তবে বন্যার পানিতে রেল লাইন তলিয়ে যাওয়ায় বেশ কয়েকটি ট্রেনের রুট কমিয়ে আনা হয়েছে।
আর সব রুটে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হবে ২০ আগস্ট থেকে। তবে বেশ কয়েকটি লঞ্চের কর্তৃপক্ষ তাদের কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে আগেই।