মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার এখনো অনেক দূরে আছে—তবে সরকার মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইনি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিচারহীনতার যে সংস্কৃতি এখনো বিদ্যমান রয়েছে তা আইনের মাধ্যমে কমিয়ে আনার পরামর্শ দেন তিনি।
সুপ্রিমকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম বলেন, দেশে আস্থাহীনতার সংকট চলছে, একে মোবেলায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজন।
আর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, শুধু আইনি সহায়তা দিয়ে নয়, মানবাধিকার প্রতিষ্ঠায় সুশাসন অপরিহার্য।
শনিবারা রাজধানীতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিনা খরচে আইনি সহায়তা প্রদান ও নিয়োগপ্রাপ্ত আইনজীবী প্যানেল নিয়ে এক কর্মশালার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি।
এতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও সারাদেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশন থেকে আইনজীবীরা অংশ নেন।
দেশের সুবিধা বঞ্চিত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার।
দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে—দেশে আস্থাহীনতার সংকট চলছে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম।
সমষ্টিগতভাবে সাধারণ মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।