সংসদের কাছেই সকলের জবাবদিহি থাকতে হবে এবং বিচারপতিরা তার ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়টি সবার ভালোভাবে পড়ে মন্তব্য করা উচিত— এ অভিমত দিয়ে তিনি বলেন, রায়ের কিছু অংশ পড়েই মন্তব্য করা ঠিক হবে না।
আপিল বিভাগে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশের বিষয়ে শুনানি চলাকালে প্রধান বিচারপতি ওই রায় নিয়ে মিডিয়ায় ঝড় তোলা হচ্ছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলকে বলেন, বিষয়টি নিয়ে আপনারা ঝড় তুললেও বিচার বিভাগ যথেষ্ট ধৈর্যোর পরিচয় দিচ্ছে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়টি পুরোপুরি না পড়ে কোনো ধরনের মন্তব্য করা উচিত নয়। সকলকেই সংসদের কাছে জবাবদিহি করতে হবে, বিচার বিভাগও এর বাইরে নয়।
নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশে সরকারে সঙ্গে বিচার বিভাগের আলোচনার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আইনগত অধিকার তার নেই।