বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা অব্যাহত থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বন্যা পরিস্থিতিতে দেশের সড়ক-মহাসড়কের অবস্থা তুলে ধরে রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিয়ে তিনি বলেন।
ওবায়দুল কাদের বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের মহাসড়কের কয়েকটি জায়গা ভেঙ্গে গেছে এবং অনেক জায়গায় ১ থেকে তিন কিলোমিটার করে সড়ক পানিতে ডুবে আছে। কিছু সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পানি না সরলে এই পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হবে।
এছাড়া ঈদের আগে-পরে পাঁচদিন দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্তের কথাও এসময় জানান তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, গত কয়েকদিনের বন্যা ও জলাবদ্ধতায় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তার ১০টি পয়েন্টে সড়ক ভেঙে গেছে। অতি বর্ষনের ভয়াবহতায় ২৩টি পয়েন্টে ১ থেকে তিন কিলোমিটার পর্যন্ত রাস্তা পানিতে ডুবে গেছে বলে জানান। এই পরিস্থিতিতে আসছে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জের।
এদিকে, ফিটসেন বিহীন কোন গাড়িতে পশু বহন করা নিষিদ্ধ করা হয়েছে। ঈদের আগে এবং পরের ৩ দিন ওষুধ, কাঁচাপণ্য সহ জরুরি পণ্য-সামগ্রী পরিবহন ছাড়া ভারী যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সড়ক মহাসড়কে পশুর হাট বসানো যাবেনা। তবে ঈদের আগে এবং পরের পাঁচদিন দেশের সকল সিএনজি স্টেশন চব্বিশ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া মেঘনা গোমতী সেতুতে অতিরিক্ত টোল প্লাজা বসানোর পাশাপাশি যানজট পর্যবেক্ষণে গুরুত্বপূর্ন মহাসড়কে ২৫ টি সিসিটিভি বসানো হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী।