আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে আইন শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এছাড়া আগামী ২৮ তারিখের মধ্যে সকল তৈরিপোশাক শিল্প কারখানায় পর্যায়ক্রমে ছুটি এবং এর আগে বেতন-ভাতা দেয়ার দিক নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সুর্নিষ্ট তথ্য ছাড়া কোনো পশুবাহী যানবাহন তল্লাশীর জন্য থামানো হবে না। সারাদেশে মহাসড়কের পাশে যে ১৯৩টি পশুর হাট ও ২২৬টি বাজার রয়েছে এর কারনে যাতে যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া হবে। জেলা-উপজেলা পর্যায়ে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তে মেশিন বসানো হবে।
তিনি আরো বলেন, ঈদের জামাতগুলোতে যাতে কেউ কোনো নাশকতা চালাতে না পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে নিরাপত্তা বাহিনীকে বলা হয়।
এছাড়াও নৌপথ, সড়কপথে ছিনতাই চাদাবাজি বন্ধে অতিরিক্ত টহল বাড়াতে আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয় বৈঠকে।