কোরবানীর ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থদিনে কমলাপুর রেলস্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভীড়। ২৩টি কাউন্টার থেকে বিভিন্ন রুটের ট্রেনের আগাম টিকিট দেয়া হয়। টিকিট পেয়ে বেশ খুশি যাত্রীরা। তবে অনেকেরই রয়েছে টিকিট নিয়ে শঙ্কা।
রেল কর্তৃপক্ষ বলছে, সীমিত সাধ্যের কারণে সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। এদিকে, দক্ষিনাঞ্চলের লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি চলছে।
ঈদে ঘরে ফেরার টানে সোমবার সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় ছিল টিকিট প্রত্যাশীদের। কেউ কেউ আগের রাত থেকে অপেক্ষায় ছিলেন টিকিটের জন্য।
সোমবার সকাল আটটা থেকে শুরু হয় টিকিট বিক্রি। তখন কাউন্টারের সামনে ছিল অংসখ্য মানুষের ভীড়। অনেকেই চাহিদামত টিকিট পেয়ে ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। আবার অনেকে প্রত্যাশা পূরণ না হওয়ায় অভিযোগ করেছেন।
২৫ হাজারের ওপর টিকিট দেওয়া হচ্ছে। তবে চাহিদার বিপরীতে তা নিতান্তই কম। স্টেশন ম্যানেজার জানান, তাদের আন্তরিকতায় ঘাটতি নেই। যতক্ষন টিকিট আছে ততক্ষন কাউন্টার খোলা থাকবে।
এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে টিকিট বিক্রি চলছে। অনেকে নির্ধারিত সময়ের পরে টিকিট বিক্রি শুরু করেছেন। অনেকে আবার আগেই শুরু করেছেন টিকিট বিক্রি।