সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সাংবিধানিক বিধানকে বাধা বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক- সুজন।
এই বিধান বহাল রেখে নির্বাচন অনুষ্ঠিত হলে সবার জন্য সুযোগের সমতা নিশ্চিত করা কঠিন হবে বলে মত তাদের।
মঙ্গলরভার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে করণীয় শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ মতামত তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিরোধীদলগুলো বেশি বঞ্চিত হয় উল্লেখ করে, কেমন নির্বাচন চাই তা নির্ধারণে ক্ষমতাসীন দলের সঙ্গে সংলাপ করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেন।
প্রশাসন, মনোনয়ন দেয়া, নিরাপত্তা এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও স্বচ্ছতা নেই বলে উল্লেখ করেন আলোচকরা।
বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচনের উদাহরণ টেনে বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে এ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে নিরপেক্ষ বা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম থাকে।
সরকার চাইলেই জনগণের ভোটের অধিকার যেমন প্রতিষ্ঠা করতে পারে, তেমনি নির্বাচনেও স্বচ্ছতা আনতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে কোন দলের সঙ্গে সংলাপ প্রয়োজন বলে জানান সুজনের নির্বাহী বদিউল আলম মজুমদার।
সুজনের লিখিত বক্তব্যে না ভোটের বিধান পুনপ্রবর্তন, অনলাইনে মনোনয়ন দাখিলের বিধান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নে হলফনামা ও আয়কর বিবরণী দাখিলের সুপারিশ করা হয়।