ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে যে বিতর্কের সূচনা করেছেন প্রধান বিচারপতি তা তাকেই সমাধান করতে হবে— উল্লেখ করে ১৪ দলের নেতারা বলেন, রায়ের পর্যবেক্ষণের মাধ্যমে আদালতকে বিতর্কিত করা হয়েছে। সরকার পতনের অংশ হিসেবে বিএনপির হাতে এটি হাতিয়ার হিসেবে তুলে দেয়া হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবেন সামনে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সংক্ষুব্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ মানববন্ধনে নেতারা এ কথা বলেন।
এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, এ রায়ে পর্যবেক্ষণের নামে যে বক্তব্য তা রাজনৈতিক। জানান, এর সুযোগ নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে। যে জটিলতা সৃষ্টি হয়েছে তার সমাধানের পথ প্রধান বিচারপতিকেই খুঁজে বের করতে হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, রায়ের মাধ্যমে যিনি বির্তকের সূচনা করছেন সমাধান তাকেই করতে হবে।
এদিকে, আরেক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেন, এ রায় নিয়ে রাজনীতি করতে চাচ্ছে বিএনপি।