হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এনে শনিবার রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে বিক্ষোভ মিছিল করছেন হজযাত্রীরা।
দুপরে ভুক্তভোগীরা দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় প্রতারক হজ এজেন্সির মালিকদের বিচার ও হজে যাওয়ার নিশ্চয়তার দাবি জানান হজযাত্রীরা।
মদিনা এয়ার ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন, আল বালাক, সানজিদ ট্রাভেল, ইকো ট্রাভেলসহ কয়েকটি এজেন্সি যাত্রীর কাছ থেকে টাকা নিয়েও টিকিট দেয়নি।
এজেন্সিগুলোকে টাকা দিয়েও হজে যেতে না পারার অনিশ্চয়তায় মুখে পড়ে মুষড়ে পড়েছেন তারা।
ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, যেসব এজেন্সির বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, তারা যদি দুই দুনের মধ্যে হজযাত্রী পাঠানোর ব্যবস্থা না করা তাহলে জিডি থেকে মামলা করা হবে।
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা ছিল। ৯৫১ জনের পাসপোর্ট শেষ দিনেও জমা না পড়ায় তাদের ভিসা পাওয়ার আর সুযোগ নেই।
এ কারণে এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন। গতকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ৯ হাজার ৯৬ জন হজযাত্রী।
হজ ফ্লাইট সূচি অনুযায়ী বিমানের প্রাক-হজ ফ্লাইট আজ শনিবার শেষ হবে। সৌদি এয়ারলাইনসের শেষ প্রাক্-হজ ফ্লাইট আগামী সোমবার। এই সময়ের মধ্যে ভিসা পাওয়া ১৭ হাজার ১৫১ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। প্রায় তিন হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।