রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব সম্প্রদায়ের আরো জোরালো ভূমিকা নেয়ার দাবি উঠেছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এমন দাবি জানানো হয়।
বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোকেও এ বিষয়ে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার কথা বলা হয়।
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের সহিংসতা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদাভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকার কারণেই এ সমস্যা।
এ সঙ্কট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার সেইসঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি না করারও আহ্বান জানান।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে রব্যবস্থা নিতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির প্রতি আহ্বান জানান তিনি।
সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি এই সমস্যা নিরসনে বিশ্ব সম্প্রদায়কে আরো কার্যকরি ভূমিকা নেয়ার দাবি জানিয়েছে ইসলামী দলগুলো।