বন্যা কবলিত হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার— ৬ জেলার প্রায় সাড়ে ছয় লাখ কৃষক এই প্রণোদনার আওতায় বিনামূল্যে পাবেন ৫৯ কোটি টাকার সার বীজ।
রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, প্রায় আড়াই লাখ হেক্টর জমির ফসল বন্যায় নষ্ট হয়ে গেছে। এ পরিমাণ জমি থেকে ১০ লাখ মেট্রিক টনের বেশী চাল পাওয়া যেত। বন্যার পানি নামতে শুরু করলেই প্রণোদনা দেয়া শুরু করা হবে।
এর বাইরে দেশের ৬৪ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদেরও প্রনোদনা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এবার বন্যা ও উজানের ঢলে নেমে আসা জলাবদ্ধতায় সারাদেশেরই ফসল উৎপাদন ব্যহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সে বিবেচনায় আসছে রবি মৌসুমকে সামনে রেখে গম, ভূট্টা, সরিষা, বাদাম, মুগডাল, খেসারি, তিল উৎপাদনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
বন্যা মাথায় রেখে ভাসমান সবজি চাষ এবং ধান চাষে কৃষকদের সার, বীজ সহায়তা দেয়ার পাশাপাশি উদ্বুদ্ধ করা হবে। এই প্রনোদনা প্যাকেজে পরিবার প্রতি সর্বোচ্চ ১ বিঘা জমিতে ফসল চাষের জন্য দেয়া হবে।