টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আইনী ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ইতিবাচক— তবে এটা বাস্তবায়ন ও প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার রাজধানীর ধানমন্ডি টিআইবি কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রস্তুতি, বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে টিআইবির করা গবেষণা পত্রটি সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
সংস্থাটির মতে দেশে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকাটাও এসডিজি বাস্তবায়নের অন্তরায় । বড় বড় দুর্নীতিবাজদের বিচারের ব্যাপারের সরকারের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছে টিআইবি।
এসডিজি অর্জনে সরকারে নেয়া প্রস্তুতি পরও যেসব প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে তার বিস্তারিত বিবরণ গবেষণায় উঠে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।
এসময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এসজিডিজি অর্জনে সরকার উদ্যোগ ইতিবাচক।
তবে অর্থ পাচারের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
এ সময় টিআইবির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, দেশের সর্বস্তরে অনিয়ম, বৈষম্য ও বিভাজন বিরাজ করছে।
টিআইবি তাদের সুপারিশে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল, নির্বাচন কমিশন গঠন, কমিশন নিয়োগ প্রক্রিয়ায় আইনি প্রনয়ণ এবং সব ধরণের বিচারবর্হিভূর্ত হত্যা, গুম ও পুলিশি হেফাজতে মৃত্যুর তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে।