রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে ব্রিটিশ পার্লামেন্টও— এমন তথ্য জানিয়েছেন ঢাকায় সফররত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলী।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশেরই নয় এ সমস্যা সারা বিশ্বের।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে বিশ্বের সকল রাষ্ট্রকে মিয়ানমারকে চাপে রাখতে হবে।
সোমবার বিকেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এসব কথা বলেন তিনি।
এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, এই সংকট মোকাবেলায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে।
ঢাকা সফরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে ব্রিটিশ এমপি রুশনারা আলীর নেতৃত্বে দেশটির ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে।
সচিবালয়ে এই বৈঠকে স্বাভাবিকভাবেই উঠে আসে রোহিঙ্গা ইস্যুটি।
রুশনারা বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে সব দেশকে সরব হতে হবে।
মিয়ানমারের সামরিক কর্মকর্তা ও সরকারের প্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন তিনি।
রোহিঙ্গাদের সহায়তায় সরকারের উদ্যোগ এসময় তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই সংকটের সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে রুশনারা নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এন সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় পদ্মাসেতুতে রেল লাইন নির্মাণে অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় ব্রিটিশ ব্যবসায়ীদের পক্ষ থেকে।