সরকার রোহিঙ্গা সমস্যার সামরিক সমাধান মনে করে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টাতেই এর সমাধান হতে হবে আর এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রত্যেক রোহিঙ্গাকে শর্তহীনভাবে ফেরত নিতে হবে মিয়ানমারকে—এ কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ সমস্যা বহুমাত্রিক এ অঞ্চলকে অস্থিতিশীল করার অংশও হতে পারে এ রোহিঙ্গা ইস্যু।
বুধবার বিকালে টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
রোহিঙ্গা ইস্যুতে সরকার কি করতে যাচ্ছে তা অবহিত করতে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো'র কর্মকর্তাদের সঙ্গে দুপুরে সচিবালয়ে সভা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় রোহিঙ্গা সমস্যা নিয়ে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি তুলে ধরেন, এ ইস্যুতে সরকারের অবস্থান।
রোহিঙ্গা শরণার্থী সমস্যার বহুমাত্রিক তাৎপর্য তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, এ অঞ্চলের স্থিতিশীলতা যারা চায় না তারাই এ সমস্যা তৈরি করতে পারে।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা শরণার্থী সমস্যা নিয়ে জাসদের এক আলোচনায় দলের সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেন, এ ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি।