খুচরা পর্যায়ে প্রায় ১১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।
মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে টিসিবি মিলনায়তনে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য আয়োজিত ধারাবাহিক গণশুনানির দ্বিতীয় দিনে এসব প্রস্তাব করা হয়।
প্রস্তাবে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে গড়ে প্রায় ১ টাকা বা সাড়ে ১৪ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে পিডিবি।
সঞ্চালণ ও পরিচালন ব্যায় বৃদ্ধি, বেতনভাতা বৃদ্ধি এবং উৎপাদন খরচের তুলনায় খুচরা পর্যায়ে দাম কম হওয়ার কারণ দেখিয়ে তারা এ প্রস্তাব করে।
গণশুনানিতে পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ এ প্রস্তাব দিয়ে বলেন, বর্তমানে ক্রয়-বিক্রয়ের মধ্যে ঘাটতি থাকায় প্রতি ইউনিটে ৩ শতাংশ হারে লোকসান দেওয়া হচ্ছে। শুধু ২০১৬-১৭ অর্থবছরে পাঁচশ ৩৮ কোটি ৫০ লাখ টাকা লোকসান হয়েছে। এ কারণে দাম বাড়ার প্রস্তাব করা হয়েছে।
তবে এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশ প্রতি ইউনিটে ৭২ পয়সা বাড়ালে পিডিবির কোনো লোকসান হবে না।
এদিকে গণশুনানিতে, দাম বাড়ানোর পরিবর্তে উল্টো দাম কমানোর দাবি করেন ভোক্তা প্রতিনিধিরা।