দেশের গণমাধ্যমগুলোতে অনুসন্ধানী সাংবাদিকতার ঘাটতি রয়েছে বলে মনে করছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।
এই জন্য গণমাধ্যম কর্মী, উর্ধ্বতন ব্যক্তি এবং মালিকদের উদাসীনতার পাশাপাশি তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ না হওয়াকে দায়ী করছেন সবাই।
এটা নিরসনে গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রশিক্ষণ এবং অবাধ তথ্য পাওয়ার নিশ্চিতে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের ওপর জোর দেয়ার তাগিদ দিয়েছেন তারা।
বুধবার তথ্য অধিকার আইন নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে এসব বক্তব্য উঠে আসে।
আন্তর্জাতিক তথ্য জানার দিবস উপলক্ষে বুধবার রাজধানীর ফার্মগেইট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের ব্যবহার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের পাশাপাশি, সাংবাদিক, শিক্ষকসহ বিশিষ্টজনরা অংশ নেন।
দেশের গণমাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতার পরিসর কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন জয়-ই মামুন ও জায়েদুল আহসান পিন্টু।
তারা এজন্য গণমাধ্যমের উদাসীনতা, প্রশিক্ষণের অভাব ও অবাধ তথ্য না পাওয়ার বিষয়টি কারণ বলে মনে করেন।
অনুসন্ধানী সাংবাদিকতা কমে যাওয়ার পাশাপাশি সাংবাদিকদের সততা নিয়েও উদ্বেগ প্রকাশ করেনদৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান বলেন, তথ্য গোপনীয়তার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থান করেন একুশে টিভির প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল এবং এশিয়ান টাইমস এর ইন্ডিয়া এডিটর সৈকত দত্ত।